আধ্যাত্মিক চেতনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং মানবসেবার অনন্য মেলবন্ধনে অনুষ্ঠিত হল ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের ৯ম বাৎসরিক মহা মহোৎসব। শ্রীশ্রী গুরু মন্দির ও বাবা সঙ্ঘেশ্বরজীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ১৭ ও ১৮ নভেম্বর, দু’দিনব্যাপী এই মহোৎসবের আয়োজন করা হয়।

এ উপলক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভুর মুর্তি প্রতিষ্টা হয়।ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান জানানোর মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন থেকেই বিশেষ তাৎপর্য পেয়েছে এই অনুষ্ঠান।মঙ্গলবার, বিকেল ৫টায় ৯টি প্রদীপ প্রজ্জ্বলন ও আচার্যবরণের মধ্য দিয়ে মহোৎসবের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে দুস্থ ও অসহায় মানুষের হাতে বস্ত্র ও কম্বল তুলে দেওয়া হয়। এরপর সন্ধ্যা ৬টায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ৯ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘বিশেষ সেবা সম্মান’ প্রদান করা হয়। সম্মানিতদের মধ্যে ছিলেন প্রবীণ শিক্ষক, পুরোহিত, বৈষ্ণব, চিকিৎসক, কৃষক ও ব্যবসায়ীরা।

সন্ধ্যায় সমবেত বীরভাবোদ্দীপক পূজারতি ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণ ভক্তিময় হয়ে ওঠে।বুধবার, ১৮ নভেম্বর মহোৎসবের দ্বিতীয় দিনে একাধিক বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ৮টায় ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রচারক শ্রীমৎ স্বামী স্বাগতানন্দজী মহারাজ শতাধিক ভক্তকে সাধন দীক্ষা প্রদান করেন। সকাল ৯টা ৩০ মিনিটে চারটি পৃথক স্থানে ১০৮টি ঘটের পবিত্র জল দিয়ে মূর্তি অভিষেকের আয়োজন করা হয়। সকাল ১০টায় দুইটি পৃথক স্থানে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের মূর্তি উন্মোচন করেন পূজ্য স্বামী বিমুক্তানন্দজী মহারাজ। এরপর সকাল ১০টা ৩০ মিনিটে দেশের বিভিন্ন পবিত্র তীর্থস্থান থেকে সংগৃহীত জল দিয়ে মহাভিষেক অনুষ্ঠিত হয়।এ বছরের মহোৎসবের অন্যতম আকর্ষণ আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম আবির্ভাব বর্ষ স্মরণ। এই উপলক্ষে সকাল ১১টা ৩০ মিনিটে ১৩১ প্রকার পদ রান্না করে অন্নকূট ভোগ নিবেদন ও বিশেষ পূজারতির আয়োজন করা হয়। পাশাপাশি সাধু-বৈষ্ণবদের জন্য ভান্ডারা এবং আগত হাজার হাজার ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়।উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় একযোগে ৯টি যজ্ঞবেদীতে বৈদিক শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হয়।

এই যজ্ঞে ১৩১ জন মা যজ্ঞকুণ্ড নিয়ে যজ্ঞবেদী প্রদক্ষিণ করেন, যা মহোৎসবের অন্যতম উল্লেখযোগ্য আধ্যাত্মিক পর্ব।এছাড়াও মহোৎসবের অঙ্গ হিসেবে ‘স্বামী প্রণবানন্দ সেবা তীর্থ’-এর শুভ ভূমি সুরক্ষা কর্মসূচি গ্রহণ করা হয়। ধর্মীয় চেতনার প্রসার, মানবকল্যাণ এবং সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই এই মহোৎসবের মূল উদ্দেশ্য।সব মিলিয়ে মন্মথপুর প্রণব মন্দিরের ৯ম বাৎসরিক মহা মহোৎসব শুধুমাত্র ধর্মীয় উৎসবের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি। আধ্যাত্মিক সাধনা, ঐতিহ্য, সামাজিক সম্মাননা এবং মানবসেবার মধ্য দিয়ে এই মহোৎসব হয়ে উঠেছে এক অনন্য মিলনক্ষেত্র। উৎসবকে কেন্দ্র করে মন্মথপুর ও পার্শ্ববর্তী এলাকায় ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
