পুরাণ, ইতিহাস, অভিশাপ আর বিজ্ঞানের রহস্যময় মেলবন্ধন। কিংবদন্তি নাকি সত্যি? স্যমন্তক মণির রহস্য ঘিরে এবার বড়পর্দায় আসতে চলেছে এক নতুন রহস্য-রোমাঞ্চের গল্প। প্রকাশ্যে এল আসন্ন ছবির ট্রেলার, যা ইতিমধ্যেই ছবির বিষয়বস্তু ও অভিনব কাহিনির কারণে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। ছবির ফার্স্ট লুকেও রয়েছে বড় চমক। মুখ্য চরিত্রে রয়েছেন বিশিষ্ট অভিনেতা রজতাভ দত্ত।ছবির কাহিনি আবর্তিত হয়েছে স্যমন্তক মণিকে ঘিরে প্রচলিত পৌরাণিক বিশ্বাস, তার অলৌকিক শক্তি এবং এক প্রাচীন রহস্যের সন্ধানকে কেন্দ্র করে। ছবির গল্প অনুযায়ী, সময়কাল ২০৪৯ সাল। স্যমন্তক মণির সন্ধান নতুন করে শুরু হয়েছে। একদিকে বিজ্ঞানীরা এই রহস্যময় রত্নের শক্তির উৎস খুঁজতে ব্যস্ত, অন্যদিকে অন্ধকার শক্তির অনুসারীরাও মরিয়া হয়ে উঠেছে মণিটির ক্ষমতা পুনরুদ্ধার করতে।কিন্তু এই অনুসন্ধানকারীরা জানেন না, দ্বারকার পতনের আগে ভগবান শ্রীকৃষ্ণ পবিত্র স্যমন্তক মণিটিকে দুটি খণ্ডে বিভক্ত করেছিলেন। সেই দুই খণ্ডকে দুটি ভিন্ন জগতে লুকিয়ে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল অর্জুনকে। কাহিনি অনুসারে, একটি খণ্ড গান্ধারীর ক্রোধের অভিশপ্ত শক্তি বহন করতে করতে পরবর্তীকালে ‘কোহিনূর’ নামে পরিচিত হয়। অন্যদিকে, দ্বিতীয় খণ্ডটি তার পবিত্র ও ঐশ্বরিক শক্তি অক্ষুণ্ণ রেখে লুকিয়ে থাকে ‘গৌরী প্রয়াগ’ নামের এক রহস্যময়, অজ্ঞাত ভূমিতে। সেখানে আজও এক প্রাচীন জনজাতি এই পবিত্র রত্নটিকে দেবতাজ্ঞানে পূজা করে আসছে।এই দুই খণ্ডের সন্ধান, তাদের ঘিরে থাকা রহস্য এবং অতীতের সঙ্গে ভবিষ্যতের সংঘাতই ছবির কাহিনিকে এগিয়ে নিয়ে যাবে। পুরাণের বিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের বিজ্ঞান এবং অশুভ শক্তির লড়াইকে মিলিয়ে নির্মিত এই গল্প দর্শকদের সামনে এক অন্য ধরনের সিনেমার অভিজ্ঞতা তুলে ধরার ইঙ্গিত দিচ্ছে।ছবিতে রজতাভ দত্তের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৌমী দত্ত রায়, সৌরভ কে দাস, মৌবনী দলুই এবং দীপ্যমান দত্ত। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌরভ কে দাস। ছবিটির প্রযোজনা করেছেন প্রযোজক ঝুমা পাল। ছবিটি নির্মিত হয়েছে ইকুইনক্স ফিল্ম সিটির প্রযোজনায়।ট্রেলার প্রকাশের পর থেকেই ছবির পৌরাণিক প্রেক্ষাপট, রহস্যময় কাহিনি এবং স্যমন্তক মণিকে ঘিরে নতুন ব্যাখ্যা দর্শকদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে। কিংবদন্তির আড়ালে লুকিয়ে থাকা সত্যের অনুসন্ধান কতটা গভীরে পৌঁছয়, আর কোহিনূর ও গৌরী প্রয়াগের রহস্য কীভাবে একসূত্রে বাঁধা পড়ে—সেই উত্তর মিলবে ছবির পর্দায়।স্যমন্তক মণির রহস্য কি শুধুই কিংবদন্তি, নাকি তার আড়ালে লুকিয়ে রয়েছে অজানা সত্য? সেই উত্তর খুঁজতেই এবার বড়পর্দায় শুরু হচ্ছে এক রহস্যময় অভিযান।
