সিনেমাথেক আয়োজিত নন্দনে সাত দিন ব্যাপী কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। এই পর্বে দর্শকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। সেরা তিনটি শর্ট ফিল্মকে পুরস্কৃত করা হয়। এছাড়াও ছিল জুড়িস চয়েস এওয়ার্ড। প্রতিযোগিতা ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল, ছিল জুড়িদের চুলচেরা বিশ্লেষণ।

তবুও অংশগ্রহণকারী প্রতিযোগীরা পারষ্পরিক সৌহার্দ্যের এক অনন্য নিদর্শন রাখলেন। সেরা ছবি নির্বাচিত হল নীলাঞ্জন ভৌমিকের ‘ভিটে’। দ্বিতীয় সেরা ছবি নির্মাল্য বিশ্বাস পরিচালিত ‘ব্ল্যাকহোল’। ‘মৌমাছির হুল’ ফিল্মটির জন্য রাজা মুন্সী পেলেন জুড়িস চয়েজ এওয়ার্ড। পুরস্কার বিতরণী পর্বে তাঁরা যেভাবে একে অপরকে অভিনন্দিত করলেন তা দৃষ্টান্ত হয়ে থাকল। সেই সাথে দর্শকদের স্বতঃস্ফূর্ত যোগদান ফিল্ম ফেস্টিভ্যালের এক অন্য মাত্রা যোগ করল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই স্বনামধন্য অভিনেত্রী মমতা শঙ্কর এবং অলোকনন্দা রায়। ফেস্টিভ্যালের জেনারেল সেক্রেটারি ঋতব্রত ভট্টাচার্য, ওয়ার্কিং প্রেসিডেন্ট অজয় সেনগুপ্ত, জয়েন্ট সেক্রেটারি ইন্দু ভূষণ দাস সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। অভিনেত্রী মমতা শঙ্কর দর্শকদের এমন স্বতঃস্ফূর্ত যোগদানে অভিভূত হয়ে ভবিষ্যতে নন্দনের বড় হলে অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দিলেন।

অভিনেত্রী অলোকনন্দা রায় ফিল্মগুলো দেখে নতুন পরিচালকদের মধ্যে আগামী দিনে বড় পরিচালক হওয়ার সম্ভাবনা দেখলেন। ফেস্টিভ্যালের ওয়ার্কিং প্রেসিডেন্ট অজয় সেনগুপ্ত জানালেন শর্ট ফিল্ম নির্মাতাদের কাজ দর্শকদের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়েই তাঁদের এই নিরন্তর প্রচেষ্টা। অনুষ্ঠান সঞ্চালনায় নজর কারলেন ঋতব্রত ভট্টাচার্য।
