স্বপ্নের পথে ফেরার গল্প বলবে ‘অন্তরকথা
’নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৬ জুন: একজন মানুষের সামান্য উৎসাহ কীভাবে অন্য একজনের জীবন বদলে দিতে পারে, সেই গল্পই তুলে ধরেছে পরিচালক চন্দ্রিমা রায়ের স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘অন্তরকথা’।

ছবির কেন্দ্রীয় চরিত্র নীলা। দুর্নীতিগ্রস্ত চাকরি ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয় সে। সেই সময় তার জীবনে আসেন অভীক, এক নিঃসঙ্গ বৃদ্ধ, যিনি নীলাকে তার হারিয়ে যাওয়া স্বপ্ন—ফটোগ্রাফির কথা মনে করিয়ে দেন। অভীকের অনুপ্রেরণায় নীলা আবার ক্যামেরা হাতে তুলে নেয় এবং মানুষের জীবন, সংগ্রাম ও আবেগকে ফ্রেমবন্দি করতে শুরু করে। ধীরে ধীরে তার কাজ স্বীকৃতি পায়। তবে সাফল্যের শিখরে পৌঁছে যখন সে অভীকের কাছে ফিরে যেতে চায়, তখন জানতে পারে তিনি আর বেঁচে নেই। রয়ে যায় শুধু তার দেখানো পথ।ছবিটি পরিচালনা করেছেন চন্দ্রিমা রায়। প্রযোজনায় ইন্দ্রনীল সরকার। অভিনয়ে রয়েছেন প্রবাল কুমার বসু, মন্দিরা কুণ্ডু ও সুজাতা গায়েন। সিনেমাটোগ্রাফিতে শুভঙ্কর মজুমদার, সম্পাদনায় ঋভু ভৌমিক, সঙ্গীত পরিচালনায় তপন সিনহা এবং শব্দ পরিকল্পনায় প্রসেনজিৎ সরকার।শনিবার বিকেল ৫.৩০টায় KIFALC-এ ছবিটির বিশেষ অফলাইন প্রদর্শনী অনুষ্ঠিত হবে। একই দিন রাত ৯.৩০টায় Talk & Talkies (TNT)-এর উদ্যোগে হবে ছবির অনলাইন প্রিমিয়ার এবং ‘Meet the Director’ সেশন। স্বাধীন চলচ্চিত্রকে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নির্মাতারা।