বন্যার্তদের পাশে ভারত সেবাশ্রম সংঘ, মেদিনীপুর থেকে অসম চলছে ত্রাণ ও পুনর্বাসনের কাজ…
ক্রমাগত বৃষ্টির জেরে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। এমনকী যে সমস্ত এলাকায় সাধারণত বন্যার প্রকোপ দেখা যায় না, এ বার সেখানেও জল ঢুকে পড়েছে।

হলদিয়া, তমলুক, মহিষাদল-সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক ব্লকে জলমগ্ন হয়ে পড়েছেন বহু মানুষ।এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদল-সহ বন্যাকবলিত প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। দেওয়া হচ্ছে শুকনো খাবার, প্রয়োজনীয় বস্ত্র এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি দুর্গত মানুষের জন্য রান্না করা খিচুড়িও বিতরণ করা হচ্ছে। দুর্গত মানুষের কাছে পৌঁছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও অন্যান্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, বন্যার মতো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই সংঘের অন্যতম প্রধান উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও দীর্ঘদিন ধরে বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছে সংঘ। চলতি বছরেও অসমের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় সংঘের পক্ষ থেকে সেবাকার্য চালানো হয়েছে।অসমে শুধু তাৎক্ষণিক ত্রাণ নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের দিকেও নজর দেওয়া হচ্ছে। দুর্গত এলাকায় খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে পুনর্বাসন কর্মসূচি চালানোর পরিকল্পনার কথাও জানিয়েছে ভারত সেবাশ্রম সংঘ।